সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট উপজেলা:
নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নুরসোনাপুর গ্রামের সাধু বাড়িতে রাত সাড়ে দশটার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) এই অগ্নিকাণ্ডে কবিরহাট বাজারের মিষ্টি ব্যবসায়ী রাজীব দেবনাথের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে আসেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সে সম্পর্কে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না। হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
ভুক্তভোগী রাজীব দেবনাথ জানান, "আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে কাছাকাছি পৌঁছালে চিৎকার শুনতে পাই। দৌড়ে এসে দেখি আমার ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে।"
তিনি আরও বলেন, "আমি দ্রুত আমার গবাদিপশুগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলেও ঘরের আসবাবপত্র, নগদ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র কিছুই রক্ষা করতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে।" এতে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

