নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী নোয়াখালী-কবিরহাট সড়কের সুন্দরপুর ইউনিয়নের বান দত্ত এলাকায় তেলবাহী লরির চাপায় পিষ্ট হয়ে শফিকুর রহমান (৬০) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শফিক (৬০) উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে—শাকিল (২১) ও মো. একা (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা কোম্পানির একটি তেলবাহী লরি কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে লরিটি সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যবসায়ী শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান। স্থানীয়রা তাৎক্ষণিক আহত দুই ভাইকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, ব্যবসায়ী শফিক তার দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। লরির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক চালককে আটক করে হেফাজতে নিয়েছে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুই ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

