নিজস্ব প্রতিনিধি:
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে নোয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এরপর পর্যায়ক্রমে জেলা পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেন, নোয়াখালী জেলা বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার মানুষ শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন। অনেকেই হাতে ফুল নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। রাত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে শহীদ মিনার এলাকায়।

