নোয়াখালী জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, পাঁচটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক): এই আসনে মোট ১৪২টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। বিএনপির প্রার্থী এ. এম. মাহবুব উদ্দিন ১ লক্ষ ২৬ হাজার ৮শত ৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক): মোট ১১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির জয়নাল আবেদীন ফারুক ৮৫ হাজার ৩শত ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের সুলতান মাহমুদ জাকারিয়া পেয়েছেন ৭০ হাজার ৭শত ৩৯ ভোট।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ): ১৬৬টি কেন্দ্রের পূর্ণাঙ্গ ফলাফলে বিএনপির মো. বরকত উল্লাহ বুলু ১ লক্ষ ৩৭ হাজার ৯শত ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বোরহান উদ্দিন পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৮শত ২৪ ভোট।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর): এই আসনের ১৯৮টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির মো. শাহজাহান। তিনি পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ১শত ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. ইসহাক খন্দকার পেয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৯শত ৮৯ ভোট।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট): ১৫৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে বিএনপির মোহাম্মদ ফখরুল ইসলাম ১ লক্ষ ৪৭ হাজার ৪ শত ৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ বেলায়েত হোসেন পেয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৪শত ৫৩ ভোট।
নোয়াখালী-৬ (হাতিয়া): এই আসনে ১০৪টি কেন্দ্রের ফলাফলে বড় চমক দেখিয়েছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ। তিনি ৯০ হাজার ১শত ১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শামীম (ধানের শীষ) পেয়েছেন ৬৩ হাজার ৩শত ৭২ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। বর্তমানে সবকটি আসনেই বিজয়ী প্রার্থীদের সমর্থকরা আনন্দ উল্লাস করছেন।

