খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের সমর্থনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ পৌরসভার ৬নং ওয়ার্ডের চারিদ্রোন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেনবাগ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক চন্দন হোসেন রাজুর সভাপতিত্বে এবং স্থানীয় বিএনপি নেতা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়নুল আবদীন ফারুকের জ্যেষ্ঠ কন্যা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য তামান্না ফারুক থীমা।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো. শহীদুল্লাহ এবং পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মির্জা মো. মোস্তফা প্রমুখ। এ মহিলা সমাবেশে এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তামান্না ফারুক থীমা উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে বলেন, "আগামী ১২ তারিখের নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দেবেন কি না?" এ সময় উপস্থিত সবাই সমস্বরে 'হ্যাঁ' সূচক জবাব দেন এবং ধানের শীষের পক্ষে নানা স্লোগান দেন।


