নুর আলম বিপ্লব:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় নোয়াখালীর কবিরহাট পৌরসভার ২নং ওয়ার্ডে বিএনপি আয়োজিত নারী ভোটারদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে মাস্টার বসির উল্লাহর বাড়িতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
পৌরসভা ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নুর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, "আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে আমি আওয়ামী লীগ, বিএনপি ও সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। মা-বোনেরা নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। নির্বাচিত হলে নারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"
তিনি আরও বলেন, "ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল মা-বোনসহ সকলকে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধানের শীষ জয়ী হলে দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।"
নারীদের উদ্দেশ্যে ফখরুল ইসলাম বলেন, "বিএনপির ভিশনে নারীদের জন্য বিশেষ কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে উপযুক্ত কর্মক্ষম কোনো ব্যক্তি বেকার থাকবেন না। আমি একজন ব্যবসায়ী; নির্বাচিত হলে এই নির্বাচনী এলাকায় নতুন নতুন শিল্প-কারখানা গড়ে তুলব।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মৌমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন খোকন, যুগ্ম-আহ্বায়ক সাহাব উদ্দিন, আব্দুল কুদ্দুস এবং সাবেক কমিশনার একরামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।


