মোহাম্মদ উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
"শীত-কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা"—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চর ফকিরা ইউনিয়নে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ারুল আজিম সবুজের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেসবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা উৎসব। লোকজ ঐতিহ্য ও নারীদের শিল্প নৈপুণ্যের ধারক হিসেবে বিবেচিত এই পিঠাকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলতেই স্কুল কর্তৃপক্ষ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী বেলাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা কাজী এম এ করীম বেলাল এবং কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল খালেক ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন চর ফকিরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজী আবুল খায়ের, শহীদ মুক্তিযোদ্ধা এ.এস.আই উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম রাব্বানী বিপ্লব এবং আহসান উল্যাহ মানিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে আয়োজিত এই উৎসবে মোট ৬টি স্টল অংশগ্রহণ করে। স্টলগুলোতে ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠা, পাটি-সাপটা ও দুধ-চিতইসহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী হরেক রকমের পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়।
রকি/ডেস্ক/মোহাম্মদ উল্যাহ


