সোনাইমুড়ী প্রতিনিধি:
নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ীতে জামায়াত কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদল কর্মীদের বিরুদ্ধে। এতে জামায়াতের অন্তত ৩ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহাব উদ্দিন সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবাড়িয়ায় যুবদল নেতা শিমুল আহমেদ, মাহবুবুল হক, হালিম, জাবেদ, গোলাম মর্তুজা ও রাসেলসহ ১০-১৫ জন অতর্কিতে হামলা করে আমাদের তিনজন নেতাকর্মীকে আহত করেছে।
আহতরা হলেন— পাঁচবাড়িয়া ওয়ার্ড জামায়াতের সভাপতি মনির হোসেন, কর্মী ওমায়ের ও শিহাব। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী উপজেলা যুবদল সদস্য মো. শিমুল আহমেদ বলেন, “আমরা ধানের শীষের প্রচারণা চালানোর সময় জামায়াত কর্মীদের সঙ্গে দেখা হয়। এ সময় তাঁদের এক কর্মী অশালীন কথা বলায় আমাদের একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। কিন্তু এটাকে তাঁরা রং চড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন।”
সোনাইমুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু তালেব বলেন, “অভিযোগের কপি পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সেটি নোয়াখালী-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে।”


