মোহাম্মদ উল্যাহ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যৌথবাহিনীর বিশেষ টহল ও পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার রামপুর ও মুসাপুর ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র এবং আশপাশের এলাকায় এই যৌথ টহল পরিচালিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যানুযায়ী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেমের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
টহল কার্যক্রমে কোম্পানীগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল সমন্বিতভাবে অংশগ্রহণ করে। এ সময় রামপুর ও মুসাপুর ইউনিয়নের মোট পাঁচটি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টহল ও নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, টহল চলাকালে মুসাপুর ইউনিয়নের বিভিন্ন বালু উত্তোলন পয়েন্ট পরিদর্শন করা হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা এক্সক্যাভেটর (ভেকু) ফেলে রেখে পালিয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালু উত্তোলনসহ যেকোনো বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


