মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বসুরহাটের হাসপাতাল রোডে তাঁর নিজ বাসভবনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে কোম্পানীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে সকলে সম্মিলিতভাবে ইফতারে অংশ নেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং উপজেলার উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন, "উন্নয়ন কার্যক্রমে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরলে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়।"
এ সময় তিনি উপজেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত সাংবাদিকগণ এই আয়োজনের জন্য সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

