হাতিয়া প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলসহ ৪ জন চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
উদ্ধারকৃত তেলের বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৯১ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিরা সবাই হাতিয়া উপজেলার নলচিরা ইউনিয়নের বাসিন্দা।
তারা হলেন— ৯নং ওয়ার্ডের মৃত মোশাররফ হোসেনের ছেলে মোঃ মিলন (২২), একই ওয়ার্ডের মৃত মোহাম্মদ কবির উদ্দিনের ছেলে মোঃ রিয়াজ (২০), ৮নং ওয়ার্ডের মোঃ কামরুলের ছেলে মোঃ স্বপন (২২) এবং একই ওয়ার্ডের মোঃ সমিরের ছেলে মোঃ ফয়েল (১৯)।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) ভোর সাড়ে ৬টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ককর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ জ্বালানি তেল খালাস করার সময় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৮ শত লিটার পেট্রোল, ২ হাজার ১৫ লিটার ডিজেল এবং তেল পরিবহনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়।
তিনি আরও বলেন, "জব্দকৃত অবৈধ জ্বালানি তেল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাতিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এবং চোরাচালান রোধে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

