মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী” প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে চরএলাহী ইউনিয়নের চরএলাহী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে স্থানীয় জেলে সম্প্রদায়, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. হারুন-অর রশীদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কোস্ট গার্ডের নোয়াখালী অঞ্চলের পেটি অফিসার খলিলুর রহমান, বেগমগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানুষ মন্ডল, কোম্পানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার এবং চরএলাহী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মায়া আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাটকা ধরা বন্ধ করতে না পারলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তাই সরকার ঘোষিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন এবং জেলেদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উপজেলায় সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রচার-প্রচারণা, মাইকিং, লিফলেট বিতরণ এবং জেলেদের সঙ্গে মতবিনিময় সভা।
অনুষ্ঠানের শেষে জাটকা সংরক্ষণে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।

