নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উপজেলা প্রকৌশলী মো. ওবায়দুল বাশার নির্বাহী প্রকৌশলী (পুর, গ্রেড-৫) পদে পদোন্নতি পেয়েছেন।
সরকারের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ১৯৭ জন কর্মকর্তার সঙ্গে তিনিও এই পদোন্নতি লাভ করেন।
তিনি ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালনকালে সড়ক অবকাঠামো উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উন্নয়নে বিশেষ অবদান রাখেন।
তাঁর তত্ত্বাবধানে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন এনেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রত্যন্ত অঞ্চলে টেকসই সড়ক নির্মাণ ও সংস্কারে তাঁর পরিকল্পনা ও তদারকি ছিল অত্যন্ত কার্যকর। মাঠ পর্যায়ে নিয়মিত উপস্থিতি ও কাজের মান নিশ্চিত করার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে মসজিদ-মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে তাঁর সক্রিয় অংশগ্রহণ স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছে।
তাঁর এই পদোন্নতির খবরে নোয়াখালী জেলায় কর্মরত সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতি তাঁর নিষ্ঠা ও কর্মদক্ষতারই প্রতিফলন।
পদোন্নতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে মো. ওবায়দুল বাশার বলেন, তিনি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখতে চান এবং এ লক্ষ্যে সকলের দোয়া কামনা করেছেন।

