মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ভোলাইটোলা এলাকায় তরুণ সমাজকে ক্রীড়ামুখী করতে আজ ৭ মার্চ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ভোলাইটোলা স্পোর্টিং ক্লাব ও সমাজ কল্যাণ পরিষদের যৌথ আয়োজনে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী মামুনুর রশীদ মামুন। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাষ্টার আবু তাহের এবং সঞ্চালনা করেন টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক সাংবাদিক কামরুল হাসান রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা মোঃ হানিফ, যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহ আলম, যুবদলের সাবেক সদস্য সচিব মাইন উদ্দিন মাসুম, ভোলাইটোলা স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সদস্য সচিব মোঃ ফারুক, উপদেষ্টা জামাল উদ্দিন, রহমত উল্যাহ, নিজাম উদ্দিন, দৈনিক যুগান্তরের কোম্পানীগঞ্জ প্রতিনিধি শরফুদ্দিন শাহীন, সাংবাদিক নুর নবীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করবে, যা স্থানীয় তরুণদের মধ্যে ক্রীড়া চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী ম্যাচটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

