মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও খাল-নালা পরিষ্কার কার্যক্রমের অংশ হিসেবে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভা চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
পৌর প্রশাসক মোঃ মাসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হালিম উল্যাহ, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা এম গোলাম ছারওয়ার, বাজার পরিদর্শক করিমুল হক, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদ এবং কনজারভেন্সি ইন্সপেক্টর লিটন চন্দ্র দাসসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধন শেষে পৌর প্রশাসক গণমাধ্যমকে জানান, সরকারের চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে বসুরহাট পৌরসভায় নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম, জলাবদ্ধতা নিরসন, খাল-নালা পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও জানান, প্রতি সপ্তাহে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ অভিযান অব্যাহত থাকবে।
পৌরসভা সূত্রে জানা গেছে, এ অভিযানের আওতায় বিভিন্ন ওয়ার্ডে জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার, লার্ভিসাইড ও ফগিং কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে না থাকার বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করতে মাইকিং ও প্রচারণা চালানো হবে।
স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী হিসেবে উল্লেখ করে কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে গুরুত্বপূর্ণ।

