নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী জেলায় হঠাৎ করেই হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে আশার কথা হলো, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি হলেও সব বয়সী মানুষের মধ্যেই সংক্রমণের খবর পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা মূলত দুটি প্রধান উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন— তীব্র জ্বর এবং শরীরে লালচে দানা বা র্যাশ।
সংক্রমণ রোধে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আক্রান্তদের সাধারণ ওয়ার্ড থেকে আলাদা করে বিশেষ আইসোলেশন ইউনিটে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মো. ইমরান বলেন, "আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আমরা রোগীদের বিশেষ আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা দিচ্ছি যাতে সংক্রমণ আর না ছড়ায়। জ্বর বা শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।"
জেলায় হঠাৎ এই সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের টিকা নিশ্চিত করার এবং আক্রান্তদের থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

