ads
১১ এপ্রিল, ২০২৬

তিন মাসেই স্বপ্নভঙ্গ সৌদিতে দেয়াল ধসে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

অনলাইন ডেস্ক

তিন মাসেই স্বপ্নভঙ্গ সৌদিতে দেয়াল ধসে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু

ছবি: এসময়ের নোয়াখালী

নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবের দাম্মামে একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মোহাম্মদ ইউসুফ (২৬) নামের নোয়াখালীর সেনবাগের এক প্রবাসী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে দেশটিতে পাড়ি জমিয়েছিলেন তিনি।

​শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মোয়াজ্জম হোসেন। 

এর আগে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে দাম্মামে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ইউসুফ ছাতারপাইয়া ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মনগাজী বেপারী বাড়ির মৃত বেচু মিয়ার ছেলে।

​নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে তিন মাস আগে ধারদেনা করে সৌদি আরবে যান ইউসুফ। শুক্রবার বিকেলে তিনি একটি ভবনে ইলেকট্রিকের কাজ করছিলেন।

এসময় হঠাৎ একটি দেয়াল ধসে তার ওপর পড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

সাবেক ইউপি সদস্য মোয়াজ্জম হোসেন জানান, ব্যক্তিগত জীবনে ইউসুফ বিবাহিত এবং তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিন মাসের মাথায় তার এই অকাল মৃত্যুতে পরিবারটি আজ নিঃস্ব।

​ইউসুফের মৃত্যুর খবর গ্রামে পৌঁছালে মাহতাবপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম