নিজস্ব প্রতিনিধি:
সরকারি হাসপাতাল ও থানা পুলিশের কাজে গতি বাড়িয়ে জনসেবা নিশ্চিত করতে নিজ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও উন্নয়ন সমন্বয় সভায় তিনি এ ঘোষণা দেন।
সভায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম এমপিকে জানান, সরকারি বরাদ্দ না থাকায় হাসপাতালের পর্যাপ্ত নাইটগার্ড, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া যাচ্ছে না। এতে রাতে বেলা মাদকসেবীদের আড্ডা, রোগীদের নিরাপত্তা দেওয়াসহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা যাচ্ছে না।
অন্যদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, যানবাহনের সংকটে রাত্রিকালীন পুলিশি টহল দিতে অসুবিধা হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা ঠিক রাখা যাচ্ছে না। অতিরিক্ত দুটি গাড়ি হলে আট ইউনিয়ন ও এক পৌরসভায় নিরাপত্তা জোরদার করা সম্ভব।
পরে এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম তাৎক্ষণিক বলেন, সরকারিভাবে ব্যবস্থা না থাকলেও জনগণের সেবা ব্যাহত করা যাবে না। যতোদিন সরকারি ব্যবস্থাপনা না হবে ততদিন আমি ব্যক্তিগত তহবিল থেকে এ ব্যয় বহন করবো। এ সব কাজের ব্যয় মিটাতে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা অনুদান দিলাম।
তিনি আরও বলেন, অতীতে গরীবের জন্য সরকারী বরাদ্দ দলীয় কোটায় ভাগবাটোয়ারা হতো। এখন থেকে কোনো দলীয় কোটা থাকবে না। আমি মনে করি প্রকৃত গরীব অসহায় ব্যক্তি কোনো দলের হতে পারে না। খুঁজে খুঁজে অসহায়দের দ্বারে দ্বারে ঘুরে সরকারের সেবা পৌঁছে দিতে হবে।
এ সময় আগের দুর্যোগপ্রবণ এলাকার দুস্থ ও অসহায় পরিবারগুলোর জন্য জরুরি খাদ্য সহায়তা কর্মসূচির (বিজিএফ) ১৫ হাজার ৬২১ কার্ডসহ সকল বরাদ্দের তালিকা পুনবিন্যাস করে প্রকৃত অসহায়দের তালিকা করার নির্দেশ দেন।

