ads
২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক

ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইনজেকশন ও নার্সের অবহেলায় আরোহী নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত আরোহী উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকা থেকে শিশু আরোহীকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন মা সালমা আক্তার। স্বজনদের দাবি, জরুরি বিভাগের নার্সের গাফিলতিতে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে জড়ো হন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, “শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। মঙ্গলবার সকালে সংকটাপন্ন অবস্থায় মা তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগে ৩-৪ দিন বাড়িতে রেখে শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল এবং তার শরীরে ৩-৪টি ইনজেকশন পুশ করা হয়েছিল। 

যখন শিশুর শারীরিক অবস্থা আর নিতে পারছিল না, তখন হাতে ক্যানোলা পরা অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক দেখার আগেই নার্স ক্যানোলা পরিষ্কার করতে গেলে শিশুটি মারা যায়। তবে স্বজনরা মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, নার্সের গাফিলতিতেই এই মৃত্যু হয়েছে।”

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সালেহ আহমেদ সোহেল বলেন, “কিছুদিন আগে জ্বরের জন্য শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম আরোহীকে চিকিৎসা দিয়েছিলেন। তিনি একটি ইনজেকশন দিতে বলেছিলেন এবং হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছিলেন। 

কিন্তু স্বজনরা শিশুকে হাসপাতালে ভর্তি না করে বাইরে ইনজেকশন দিয়ে আজ আবার হাসপাতালে নিয়ে আসেন। তখন শিশুর হাতে থাকা ক্যানোলাটি ব্লক অবস্থায় পাওয়া যায়। সেই ক্যানোলা পরিষ্কার করার সময় শিশুটি মারা যায়। পরিবারের অভিযোগ ইনজেকশন দেওয়ার কারণে মৃত্যু হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এই বিভাগের আরও খবর

ads

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ

শিরোনাম