নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালাদরাপ ইউনিয়নের চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ইসমাইল হোসেন (৪০) উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর চাকলা রাজের বাড়ির মৃত ফয়েজ আহমদের ছেলে।
অভিযান সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পূর্ব চাকলা গ্রামের খন্দকার মসজিদ মোড়ের ‘দুলাল অটো সার্ভিসিং সেন্টারের’ সামনে থেকে সন্দেহভাজন হিসেবে ইসমাইলকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার পরনে থাকা এক জোড়া প্লাস্টিকের জুতার ভেতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় দুটি পলি প্যাকেটে মোট ২ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মাদক কেনাবেচায় ব্যবহৃত তার কাছ থেকে একটি অপ্পো (Oppo A3s) স্মার্টফোন এবং একটি নকিয়া (Nokia) বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

