খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসন থেকে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সেনবাগ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার সকাল ১০টায় মতবিনিময় সভা করেছেন।
এরপর দুপুর ১২টায় সেনবাগ উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক নুর পেয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত এমপি জয়নুল আবদিন ফারুক।
এ সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, এলজিইডি প্রকৌশলী সাবিনা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল হক, সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার মিনারুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জয়নুল আবদিন ফারুক সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন এবং নিজেও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি অতীতের সকল ঝঞ্ঝা ভুলে গিয়ে পূর্ণ উদ্যমে কাজ করার অঙ্গীকার করেন। একটি শোষণমুক্ত সমাজ ও দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়নের জন্য তিনি সবার সর্বাত্মক সহযোগিতা চান।
তিনি দৃঢ়কণ্ঠে বলেন, "আইনশৃঙ্খলা, মাদক, শিক্ষা ও স্বাস্থ্য সেবার বিষয়ে সতর্ক থাকতে হবে।" উপজেলা নির্বাহী অফিসার এসব বিষয়ে বিশেষ নজর রাখার আশ্বাস দেন। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, "ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও ইমাম-মোয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। ঈদের আগে ভিজিএফ কার্ড দেওয়ার পরিকল্পনাও সরকারের আছে। আগামী ১০০ দিনের যে পরিকল্পনা রয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা হবে।"

