মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার মূল্য সহনীয় রাখতে বসুরহাটের জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই বাজার মনিটরিং কার্যক্রমে তিনটি ফলের দোকানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে ফল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী দোকানগুলোকে মোট ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে ‘রহমত পোল্ট্রি ফার্ম’-এ অভিযান চালিয়ে মরা মুরগি বিক্রির চেষ্টা এবং দোকানে মূল্যতালিকা না থাকার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অপর এক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে 'জনপ্রিয় এন্টারপ্রাইজ'-কে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জানা গেছে, ২৪০ টাকা ক্রয়মূল্যের একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রি করে সংশ্লিষ্ট ভোক্তার কাছ থেকে ১১০ টাকা অতিরিক্ত আদায় করা হয়েছিল।
অভিযান চলাকালে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। বাজার মনিটরিং কার্যক্রমে র্যাবের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে। বিশেষ করে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং আরও জোরদার করা হবে।

