নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টাকা নিজ তহবিল থেকে পরিশোধের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মো. ফখরুল ইসলাম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
মো. ফখরুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং তাদের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার নতুন সরকারের জন্য সহযোগিতা চাই।
তিনি বলেন, 'রমজান ও ঈদ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা ১০ হাজার রোগীর টোকেন খরচ আমি পরিশোধ করবো। এ মাস রোগীরা বিনামূল্যে চিকিৎসা নিবেন।'
এমপি ফখরুল ইসলাম বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সরকারে অন্যতম প্রতিশ্রুতি। এখানে যতো সমস্যা রয়েছে তা অচিরেই সমাধানের চেষ্টা করা হবে। তবে চিকিৎসকদেরকে সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে।

