নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শত্রুতা করে এক কৃষকের ৩০ শতাংশ জমির পানের বরজ তছনছ করার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতের কোনো এক সময় উপজেলার চরপার্বতী ইউনিয়নে কৃষক আলা উদ্দিনের পানের বরজে এই তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই কৃষক।
কৃষক আলা উদ্দিন জানান, তিনি ধার-দেনা করে ৩০ শতাংশ জমিতে পান চাষ করেছিলেন। শনিবার সকালে পানের বরজ পরিচর্যার জন্য গিয়ে তিনি দেখতে পান সবকিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় নুর আলমের সাথে তাঁর জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ বিষয়ে থানায় একাধিকবার বৈঠকও হয়েছে। কিন্তু সেই শত্রুতার জেরে পানের বরজ এভাবে ধ্বংস করা হবে তা তিনি ভাবেননি। দুর্বৃত্তরা পান গাছগুলো গোড়া থেকে কেটে পাশের পুকুরে ফেলে দিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, "অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

