মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪ নং চরকাঁকড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মহিষের ডগি এলাকায় বসুরহাট পৌরসভার ক্রয়কৃত একটি জমিতে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
সড়কের পাশের এই খোলা জমিটি এখন কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জমিটির চারপাশে কোনো বাউন্ডারি না থাকায় সেখানে অবাধে গৃহস্থালি ও পচনশীল বর্জ্য ফেলা হচ্ছে। মাঝেমধ্যে ময়লা অপসারণ করা হলেও জীবাণুনাশক বা কীটনাশক ব্যবহার না করায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে পুরো এলাকায়।
আশপাশে বহু বসতঘর, মসজিদ ও মাদ্রাসা থাকায় বাসিন্দারা চরম ভোগান্তিতে রয়েছেন। স্থানীয়দের অভিযোগ, শিশু ও বৃদ্ধদের মধ্যে শ্বাসকষ্ট, চর্মরোগ ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।
এ ছাড়া ময়লার পাশেই একটি খাল থাকায় বৃষ্টি বা জোয়ারের সময় আবর্জনা পানির সঙ্গে ভেসে অন্যত্র ছড়িয়ে পড়ছে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
এলাকাবাসী দ্রুত বাউন্ডারি নির্মাণ ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

