মোহাম্মদ উল্যা কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখা।
মঙ্গলবার (৩ মার্চ), ১৩ রমজান বিকেল ৪টায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরহাট পৌরসভা শাখার আমীর মাওলানা মোশারফ হোসাইন। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা ও ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকার। তিনি রমজানে তাকওয়ার গুরুত্ব ও ব্যক্তিজীবনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি কোম্পানীগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন। তিনি পবিত্র কোরআনের শিক্ষা ও সমাজ গঠনে এর ভূমিকা তুলে ধরেন।
আয়োজকরা জানান, রমজানের শিক্ষা প্রচার, তাকওয়া অর্জন এবং সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজহারুল ইসলাম তৌহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

