সোনাইমুড়ী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে এক যুবদল নেতার অবৈধ দখল থেকে একটি বসতঘর উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কাচারী বাড়িতে এই অভিযান চালানো হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবাড়িয়া গ্রামের কাচারী বাড়ির বাসিন্দা এ কে এম শামসুদ্দিন ফারুক দীর্ঘদিন ধরে সপরিবারে ঢাকায় বসবাস করছেন। এই সুযোগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সোনাইমুড়ী উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক এবং নদনা ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব আওলাদ হোসেন হেলাল বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর থেকে তিনি জোরপূর্বক ঘরটি দখল করে পরিবারসহ বসবাস শুরু করেন।
ভুক্তভোগী শামসুদ্দিন ফারুক জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে ঘরটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে তিনি শনিবার রাতে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই থানার এসআই কামরুল ও এএসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি তৎপরতায় দখলদার পরিবার ঘরটি ছেড়ে দিতে বাধ্য হয় এবং পরে পুলিশ ঘরটি উদ্ধার করে তালাবদ্ধ করে দেয়।
ভুক্তভোগী ফারুক বলেন, "আমরা ঢাকায় থাকার সুযোগে হেলাল ঘরটি দখল করেছিলেন। অনেক চেষ্টা করেও তা উদ্ধার করতে না পেরে আইনের আশ্রয় নিতে হয়েছে।"
অভিযুক্ত হেলাল বলেন তিনি দখলের অভিযোগ অস্বীকার করে দাবি করেন, "ফারুক মিয়া একসময় আমাদের থাকতে দিয়েছিলেন। আমরা ঘরটি কিনতে চাইলেও তিনি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছেন বলে শুনেছি। আমরা সমমূল্য দিতে চাইলেও তিনি ঘরটি ছাড়তে বলছিলেন।"
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, ঘর দখলের লিখিত অভিযোগ পাওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে ঘরটি উদ্ধার করা হয়েছে।

