নুর আলাম বিপ্লব, কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার সড়কগুলোতে প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনার প্রতিবাদ এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে কবিরহাট বাজারের জিরো পয়েন্টে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষসহ সাধারণ যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তারা জানান, আগে মাইজদী-সোনাপুর থেকে কবিরহাট হয়ে বসুরহাট পর্যন্ত নিয়মিত বাস চলাচল করলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে সিএনজিচালিত অটোরিকশাই যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই রুটে বাস চালুর দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা হয়নি। মানবিক দিক বিবেচনা করেই তারা আজ রাজপথে নেমেছেন। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান এবং জেলা বাস মালিক সমিতির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। তারা অবিলম্বে বিআরটিসি ও লোকাল বাস সার্ভিস চালুর দাবি জানান। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
মানবিক সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত বাস চালুর লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছে।
কবিরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ইয়াসিন বলেন, “বাস চালু না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনের পাশে থাকব।”
জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, “আগামী ৩০ এপ্রিল স্থানীয় সংসদ সদস্য এলাকায় এলে বাস চালুর বিষয়ে আলোচনা করা হবে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
পরিশেষে, স্থানীয় এলাকাবাসী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাইজদী-বসুরহাট রুটে দ্রুত বাস সার্ভিস চালু করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

