নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, "যারা ফেসবুকে মিথ্যা তথ্য ছড়ায়, তারা বিকৃত মানসিকতার পরিচয় দেয়। ফেসবুক গুরুত্বপূর্ণ যোগাযোগের জন্য তৈরি করা হয়েছে, অপব্যবহারের জন্য নয়।"
ব্যক্তিগত জীবনের সব খুঁটিনাটি ফেসবুকে শেয়ার করার প্রয়োজনীয়তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে কঠোর সমালোচনা করেন।
শনিবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয় ও আলহাজ্ব মো. মফিজুর রহমান একাডেমির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়াগ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মানিক লাল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার এবং বিদ্যালয়ের সাবেক সভাপতি ফারুক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভবন উদ্বোধন শেষে তাকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
বক্তব্যে তিনি আরও সতর্ক করে বলেন, "ফেসবুকে যারা মিথ্যা অপপ্রচার চালায়, তাদের শনাক্ত করার জন্য এখন উন্নত প্রযুক্তি ও এআই (AI) মেকানিজম চলে এসেছে। ভুয়া আইডি ব্যবহার করে আড়ালে থেকে যারা মিথ্যা ছড়ায়, তারা মূলত কাপুরুষ। যারা রাজনীতি করেন, তাদের জন্য এ ধরনের অপপ্রচার করা শোভনীয় নয়।"
চাটখিল ও সোনাইমুড়ী উপজেলাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, "আমরা এই এলাকাকে শিক্ষিত ও আদর্শ জনপদ হিসেবে দেখতে চাই। এখানকার মানুষ আর্থিকভাবে সচ্ছল এবং শিক্ষার হারও ভালো। আমরা চাই না কোনো যুবক বা যুবতী বিকৃত রুচির পরিচয় দিয়ে মিথ্যা প্রচারে লিপ্ত হোক। আইনের শাসন অনুযায়ী অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

