নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় অবৈধভাবে মজুদ করা ৩০০০ লিটার ডিজেলসহ একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ।
গত শুক্রবার রাতে জাহাজমারা ইউনিয়নের কালামচর এলাকায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।
সুইচ ঘাট সংলগ্ন ‘মা-বাবার দোয়া বরফ কল’ এলাকায় ১৫টি ব্যারেলে রক্ষিত মোট ৩০০০ লিটার ডিজেলসহ মোঃ মহিউদ্দিনকে (৪৫) আটক করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ মজুদের বিরুদ্ধে নৌবাহিনীর 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী কন্টিনজেন্ট ও হাতিয়া থানা পুলিশ যৌথভাবে অভিযানটি চালায়।
তদন্তে দেখা যায়, আটককৃত মহিউদ্দিন অধিক মুনাফার লোভে বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে এই ডিজেল মজুদ করেছিলেন।
অভিযান শেষে জব্দকৃত জ্বালানি ও আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
জাতীয় স্বার্থবিরোধী জ্বালানি পাচার ও অবৈধ মজুদের বিরুদ্ধে নৌবাহিনীর এই কঠোর অবস্থান ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

