নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ একটি খালের পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার মমিনপুর এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের উদ্দেশ্যে ব্যারিস্টার খোকন কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, "সন্ত্রাস চলবে না, চাঁদাবাজি চলবে না। দখলবাজি চলবে না কিন্তু! যত বড় শক্তিশালী হোন না কেন আপনি, কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না।"
তিনি বলেন খাল খননের ফলে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত হবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা করবে।যথাযথ খনন হলে বন্যার ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
খালের পানি ব্যবহার করে আশেপাশের জমিতে কৃষকরা আবাদ করতে পারবেন। মৃতপ্রায় খালগুলো সচল হলে আবারও দেশীয় মাছের উৎস ফিরে আসবে।
তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই খালটির অস্তিত্ব বিলীন হতে চলেছিল, যা কৃষকদের জন্য বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, "আমি পার্লামেন্টে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে চাটখিল-সোনাইমুড়িতে ফ্যামিলি কার্ড কখন দেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, খুব শীঘ্রই এই এলাকায় ফ্যামিলি কার্ড চালু করা হবে ইনশাআল্লাহ।"
চলতি অর্থ বছরের এই প্রকল্পের আওতায় সাহাপুর ইউনিয়নের পুরুষোত্তমপুর ও মমিনপুর হয়ে ডুমুরিয়া পর্যন্ত মোট ২ কিলোমিটার দৈর্ঘ্যের খাল পুনঃখনন করা হবে। দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খালটি খননের ফলে মমিনপুরসহ আশেপাশের গ্রামগুলোর দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হবে এবং কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।
সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ।
উদ্বোধন শেষে মমিনপুর দাখিল মাদ্রাসা মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

