নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩,৬৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ২,৮২০ জন; পরীক্ষায় উপস্থিতির হার ৭৭.৩৯ শতাংশ।
পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, ইইই বিভাগের অধ্যাপক ড. মোহা. আব্দুর রশিদ, প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সুপারের প্রতিনিধি, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
হল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, "আলহামদুলিল্লাহ, গত শুক্রবার অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের পরীক্ষার ন্যায় আজকের ‘বি’ ইউনিটের পরীক্ষাতেও নোয়াখালীবাসী সর্বাত্মক সহযোগিতা করেছে। আপনারা দেখেছেন যে সোনাপুরসহ অন্যান্য জায়গায় পরীক্ষার্থীরা কোনো যানজটের সম্মুখীন হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ডিবি, ডিএসবি ও এনএসআইসহ সকলে সার্বক্ষণিক টহল এবং নজরদারি রেখেছেন। আশা করি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে। আমরা অভিভাবকদের জন্য এই গরমে যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য প্যান্ডেলের ব্যবস্থা করেছি।"
এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। আগত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠন সেবা দিয়ে সহযোগিতা করছে। উপাচার্য ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা, পৌরসভা, বিদ্যুৎ ও নিরাপদ পানি পরিষেবা এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সমাপ্ত হবে।

