নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে লাইসেন্সবিহীন ও অবৈধ হাসপাতাল বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
অভিযানে অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি হাসপাতালকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ইডেন হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনের নেতৃত্বে চৌমুহনী পূর্ববাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. কাউসারী আক্তার।
অভিযান চলাকালে ড্রীম হাসপাতাল, হলিডে হাসপাতাল এবং ইডেন হাসপাতালে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানগুলোর কোনো বৈধ লাইসেন্স নেই।
এছাড়াও হাসপাতালগুলোতে সঠিক ও হালনাগাদ কাগজপত্র পাওয়া যায়নি। নির্ধারিত ডাক্তার ও নার্সের সংকট ছিল। পরিবেশ ও সেবার ক্ষেত্রে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।
এই অপরাধে তিনটি পৃথক মামলায় হাসপাতালগুলোকে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসাথে প্রয়োজনীয় শর্ত পূরণ না করা পর্যন্ত ইডেন হাসপাতালকে সিলগালা করে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় প্রশাসন।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খবির উদ্দিন চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা জুড়ে এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

