নিজস্ব প্রতিনিধি:
বাবা-মায়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল—ছেলে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে রাজকীয় বেশে গ্রামে আসবে।
অবশেষে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন খোরশেদ আলম ও পারভিন আক্তার দম্পতির সন্তান নওয়াজ শরীফ।
বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে চড়ে নোয়াখালীর চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামে নববধূকে নিয়ে অবতরণ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াজ শরীফ মাসখানেক আগে ঢাকার বাসিন্দা ইসরাত জাহান সামিয়াকে বিয়ে করেন। তবে বাবা-মায়ের শখ মেটাতে এবং গ্রামের মানুষকে আনন্দ দিতে আজ আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফেরেন তিনি।
বিকেল ৫টার দিকে গ্রামের পাশে একটি ধানক্ষেতে হেলিকপ্টারটি অবতরণ করার কথা থাকলেও দুপুর ৩টা থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন উৎসুক গ্রামবাসী।
নারী-পুরুষ ও শিশুসহ কয়েকশ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে রূপ নেয়। হেলিকপ্টারটি মাটি স্পর্শ করার সাথে সাথে উপস্থিত জনতা করতালির মাধ্যমে নবদম্পতিকে স্বাগত জানান।
হেলিকপ্টার থেকে নামার পর এক ভিন্নধর্মী ও চমকপ্রদ দৃশ্যের অবতারণা হয়। আকাশপথের যাত্রা শেষে বাড়ির আঙিনায় প্রবেশের জন্য নওয়াজ শরীফ বেছে নেন নিজস্ব ঢং। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে স্ত্রী সামিয়াকে পেছনে বসিয়ে রাজকীয়ভাবে নিজ বাড়িতে প্রবেশ করেন। এ সময় চারদিকে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই বাবা-মা চাইতেন ছেলে যেন ধুমধাম করে বউ নিয়ে আসে। আজ সেই ইচ্ছা পূরণ হওয়ায় পুরো পরিবারে খুশির জোয়ার বইছে।

