মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত সালেহা-আমিন ফাউন্ডেশন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার বসুরহাট বাজারের আমিন মার্কেটের ২য় তলায় আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, আইনজীবী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটিতে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ডাঃ মাহবুব রসুল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে এডভোকেট আশেক-ই-রসুল (সুপ্রীম কোর্ট, আপিল বিভাগ)-কে।
জানা যায়, তাদের পিতা মরহুম আমিনুর রসুল ও মাতা মরহুমা সালেহা বেগম-এর স্মৃতিকে ধরে রাখতে এবং সমাজকল্যাণমূলক কাজ পরিচালনার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রথমস্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
এছাড়াও শিক্ষা সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানবকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এডভোকেট আশেক-ই-রসুল ছাত্রজীবন থেকেই ছাত্ররাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক এবং সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সভায় বক্তারা বলেন, সালেহা-আমিন ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলার মানুষের পাশে দাঁড়াবে এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

