নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাছ ধরার নৌকা দেখতে গিয়ে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকার বাসিন্দা এবং জনারদনের (৪৫) ছেলে। আহত জনারদনও একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাবা ও ছেলে নদীর পাড়ে বেঁধে রাখা মাছ ধরার নৌকা দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা দুজনেই আক্রান্ত হন। ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।
এদিকে, রবিউল হোসেন নামের আরেক যুবক নিজের তরমুজ ক্ষেতে পাহারা দেওয়ার সময় বজ্রপাতের শব্দ ও আলোর প্রভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আব্দুল করিম বলেন, “বাবা ও ছেলেকে বজ্রপাতের পর হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা ছেলেকে মৃত অবস্থায় পাই। তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।”

