কবিরহাট প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের অসহায় রেজিয়া বেগমকে ঈদ উপলক্ষে নতুন ঘর উপহার দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইফতেখার পারভেজ ও মিম্মা তাবাসসুম।
বুধবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে রেজিয়া বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন তারা। নোয়াখালীর সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নোবিপ্রবির উক্ত দুই শিক্ষকের অর্থায়নে ঘরটি নির্মাণ করা হয়।
এ সময় রেজিয়া বেগম নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তার মেয়ে মোহছেনা বেগম বলেন, “আমার মায়ের কোনো ঘর ছিল না। তিনি রোদ-বৃষ্টিতে ভাঙা ঘরে বসবাস করতেন। এখন তার মাথা গোঁজার ঠাঁই হলো।”
সহকারী অধ্যাপক মোঃ ইফতেখার পারভেজ জানান, “আমার ছাত্র ইমরান নাজিরের মাধ্যমে বিষয়টি জানতে পারি। পরে সেবার আলো ফাউন্ডেশনের সহযোগিতায় এই ঘর ও একটি টয়লেট নির্মাণ করা হয়েছে। আজকে তাকে ঘরটি বুঝিয়ে দেওয়া হলো—তিনি যতদিন বেঁচে থাকবেন, এখানে বসবাস করতে পারবেন।”
সেবার আলো ফাউন্ডেশনের সভাপতি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আমার শিক্ষকের আর্থিক সহায়তায় নেওয়া এই উদ্যোগ তারই একটি অংশ।”
ঈদ উপলক্ষে ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীদের মধ্যে অ্যাডভোকেট আব্দুর রহিম, সাইফুল ইসলাম নিশাত, ইয়াসিন আলম রাসেল, মোঃ আব্দুল হাই, মোঃ হায়দার রুমন, সুমন, বাপ্পি দাউদ, শাফায়েত প্রমুখ, সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

