মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা জামায়াতের উদ্যোগে এলাকায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টায় বসুরহাটের আজমিরি হোটেলের তৃতীয় তলায় এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশারফ হোসাইন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দীন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু ইউসুফ মো. ইয়াকুব ও মাওলানা ইয়াকুব, সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম এবং কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি মাস্টার কামাল উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোশারফ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রায় দিলেও নানা প্রক্রিয়ায় সেই রায়ের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে অনির্বাচিত ব্যক্তিকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া গণতন্ত্রের জন্য অশনি সংকেত এবং একদলীয় শাসনের ইঙ্গিত বহন করে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
প্রধান অতিথি অধ্যক্ষ বেলায়েত হোসেন তার বক্তব্যে দেশের রাজনৈতিক সহাবস্থানের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বিরোধী মত ও দলের প্রতি সহনশীলতা ও সহাবস্থানের সংস্কৃতি দুর্বল হয়ে পড়লে গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তিনি নির্বাচন-পরবর্তী সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সহিংসতা ও হয়রানির অভিযোগ তুলে ধরে এসব বিষয়ে সরকারের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
বিশেষ অতিথি মাওলানা মিজানুর রহমান তার বক্তব্যে সরকারি বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি—বিশেষ করে চাল, শাড়ি ও লুঙ্গি বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়গুলো অনুসন্ধান করে জাতির সামনে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত অতিথি, আলেম-ওলামা ও সাংবাদিকরা একটি অন্তরঙ্গ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারে অংশগ্রহণ করেন।

