চাটখিল প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে রাতের আঁধারে এক ব্যক্তির মুকুলসহ ২০টি আমগাছ ও অন্যান্য ফলদ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৫ মার্চ) নোয়াখালীর চাটখিল পৌরসভার ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গাছগুলোর মালিক সুন্দরপুর গ্রামের বলি বাড়ির সাইফুল ইসলাম। তিনি চাটখিল পৌরসভার ইলেকট্রিশিয়ান (সেবক) হিসেবে কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শী মিজান বলেন, 'আমি সকালে এ এলাকায় গরুর দুধ দিতে আসি। এসে গাছগুলো কাটা দেখে সাইফুলকে জানাই। পরে সে এসে কাটা গাছগুলো দেখতে পায়।'
সাইফুল ইসলাম বলেন, 'গতরাতে কে বা কারা গাছগুলো কেটে দিয়েছে। কিছু আমগাছে মুকুল ছিল। অন্যান্য গাছগুলোতেও ফল ধরেছে। আমি তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।'
নোয়াখালী চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, 'সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থেকে মৌখিকভাবে ঘটনা শুনেছি। তাকে লিখিতভাবে থানায় অভিযোগ করার জন্য বলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

