নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট পৌরসভায় মসজিদে নামাজ পড়তে গিয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জেরে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পৌরসভার ছোট মসজিদের গলির মুখে এই হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা হামলাকারীকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে সোপর্দ করে।
আহত যুবকের নাম মো. মাহির (২১)। তিনি কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইন উদ্দিনের ছেলে এবং 'আসিফ স্টোর'-এর কর্মচারী। হামলাকারী মো. মুন্না (১৭) একই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন সুমনের ছেলে এবং 'রকি সু স্টোর'-এর কর্মচারী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদে নামাজ পড়তে গিয়ে তুচ্ছ বিষয় নিয়ে মুন্নার সঙ্গে মাহিরের বাকবিতণ্ডা হয়। নামাজ শেষে বের হওয়ার সময় উত্তেজিত মুন্না মাহিরকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাহির মাটিতে লুটিয়ে পড়লে মুন্না পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় উপস্থিত সাধারণ মানুষ তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মুন্নাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অপরদিকে, আহত মাহিরকেও প্রথমে ওই হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।
নোয়াখালীর কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভুঁইয়া বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছুরিকাঘাতকারীকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নামাজে জায়গা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, এর জেরেই এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

