খোরশেদ আলম, সেনবাগ:
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার ভেকু মেশিন (এক্সেভেটর) রেখে ব্যবসায়ীরা পালিয়ে যায়। ফসলি জমি থেকে মাটি কাটার ভয়াবহতা ও গর্তের গভীরতা দেখে ইউএনও মুহসিয়া তাবাসসুম সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেন। বর্তমানে মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, মাটি বহনের কাজে নিয়োজিত একটি পিকআপকে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ মোতাবেক ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস না থাকা এবং পরিবেশ দূষণকারী যানবাহন চালানোর অপরাধে চালক মনজুর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিয়মিত মামলা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম বৃহস্পতিবার দুপুরে বলেন, "ফসলি জমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

