বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার 'গোপালপুর ফাউন্ডেশন'-এর উদ্যোগে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবকদের সম্মানে আজ ১২ মার্চ (বৃহস্পতিবার) 'ক্যাফে স্টার' রেস্টুরেন্টে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. নুর নবীর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক এ এফ এম মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আবু তাহের, সেক্রেটারি আবদুল আউয়াল খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল মেম্বার, সাবেক চেয়ারম্যান প্রার্থী আলা উদ্দিন মামুন, বেগমগঞ্জ সোশ্যাল এলাইনমেন্ট-এর সেক্রেটারি মশিউর রহমান ফাহাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন অর্থ সম্পাদক আবুল বাসার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বাংলা বাজার থানা সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন মিন্টু বলেন, "মানবতার সেবাই সর্বশ্রেষ্ঠ সেবা। সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা নিজের খেয়ে সমাজের মানুষের কল্যাণে কাজ করেন—এটি বড় মনের মানুষ ছাড়া সম্ভব নয়। গোপালপুর ফাউন্ডেশন মানবতার সেবায় দৃষ্টান্তমূলক কাজ করে যাচ্ছে। আমি তাদের কার্যক্রম সম্পর্কে অবগত এবং সন্তুষ্ট। আশা করি আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।"
ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবু তাহের বলেন, "যুব সমাজই পারে সমাজের গতিপথ পরিবর্তন করতে। গত জুলাই বিপ্লব আমাদের সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গোপালপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে এই ফাউন্ডেশনের যুবকরা যে আন্দোলন গড়ে তুলেছে তা সত্যিই প্রশংসনীয়।"
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরওয়ার আলম দুলাল বলেন, "মানবতার সেবা ও মাদকের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে জাগ্রত হতে হবে। সমাজের সকল অন্যায় ও বিশৃঙ্খলার প্রতিরোধে যুব সমাজ ঐক্যবদ্ধ হলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠবে।"
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, "২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকে গোপালপুর ফাউন্ডেশন শিক্ষার প্রসার ও যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণসহ মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল উদ্যমী যুবকের হাত ধরে গড়া এই সংগঠনটি ইতিমধ্যে জেলায় আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনিরুল ইসলাম, মধুপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার আবদুল মতিন, সংগঠনের সদস্য সচিব ডেন্টিস্ট মাহবুবুর রহমান, চাটখিল কামাল মাজিদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমির হোসেন পলাশ, জীবন বীমা কর্পোরেশন মাইজদী শাখার ম্যানেজার মাহবুবুর রহমান এবং কানকির হাট ডিগ্রি কলেজের প্রভাষক মোতাহের হোসেনসহ বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।
ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা সমাজের বিভিন্ন সমস্যা, বিশেষ করে মাদকের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত স্বেচ্ছাসেবকরা আগামীতে আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

