মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থা’।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে স্থানীয় চাঁন মিয়া ফরাজী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৭০টি পরিবারের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সাইফুল এবং সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দিন বেলাল।
এসময় বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার শাহ আলম, বিশিষ্ট সমাজসেবক মাস্টার আলী আক্কাস, কোম্পানীগঞ্জ স্বেচ্ছাসেবী জোট ও অফুরন্ত ব্লাড ব্যাংকের প্রতিনিধি এবং সংস্থার উপদেষ্টা ইব্রাহিম খলিল জসিম, কোম্পানীগঞ্জ স্বেচ্ছাসেবী জোটের প্রতিনিধি ও একাডেমি বাজার সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি মঞ্জু মোরশেদ এবং চাঁন মিয়া ফরাজী জামে মসজিদের সেক্রেটারি মমিনুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী ও সমাজসেবক মিজানুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক আহসান হাবীব দাউদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হক দিদার, সমাজকল্যাণ সম্পাদক শামছুদ্দিন মাসুদ, সমাজসেবক নুরুল আলম, মো. নুর নবী ও ওমর শরীফ রিয়াদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা তাদের শুভেচ্ছা বক্তব্যে বলেন, “সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ। বিশেষ করে ঈদের আনন্দ যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
আলোর দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. শরীফ উদ্দিন দেশ ও প্রবাসে অবস্থানরত সেই সকল শুভানুধ্যায়ী ও দাতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের আর্থিক সহায়তা ও শ্রমে এই মানবিক কার্যক্রম সফল হয়েছে।
মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়।

