২৭ মার্চ, ২০২৬

বাবা-মায়ের স্বপ্নপূরণ হেলিকপ্টারে চড়ে নববধূ নিয়ে গ্রামে এলেন নওয়াজ শরীফ

বাবা-মায়ের স্বপ্নপূরণ হেলিকপ্টারে চড়ে নববধূ নিয়ে গ্রামে এলেন নওয়াজ শরীফ

নিজস্ব প্রতিনিধি:
বাবা-মায়ের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল—ছেলে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে রাজকীয় বেশে গ্রামে আসবে। 

অবশেষে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন খোরশেদ আলম ও পারভিন আক্তার দম্পতির সন্তান নওয়াজ শরীফ।

​বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে চড়ে নোয়াখালীর চাটখিল উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের জষোড়া গ্রামে নববধূকে নিয়ে অবতরণ করেন তিনি।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নওয়াজ শরীফ মাসখানেক আগে ঢাকার বাসিন্দা ইসরাত জাহান সামিয়াকে বিয়ে করেন। তবে বাবা-মায়ের শখ মেটাতে এবং গ্রামের মানুষকে আনন্দ দিতে আজ আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে ফেরেন তিনি।

​বিকেল ৫টার দিকে গ্রামের পাশে একটি ধানক্ষেতে হেলিকপ্টারটি অবতরণ করার কথা থাকলেও দুপুর ৩টা থেকেই সেখানে ভিড় জমাতে শুরু করেন উৎসুক গ্রামবাসী। 

নারী-পুরুষ ও শিশুসহ কয়েকশ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজে রূপ নেয়। হেলিকপ্টারটি মাটি স্পর্শ করার সাথে সাথে উপস্থিত জনতা করতালির মাধ্যমে নবদম্পতিকে স্বাগত জানান।

​হেলিকপ্টার থেকে নামার পর এক ভিন্নধর্মী ও চমকপ্রদ দৃশ্যের অবতারণা হয়। আকাশপথের যাত্রা শেষে বাড়ির আঙিনায় প্রবেশের জন্য নওয়াজ শরীফ বেছে নেন নিজস্ব ঢং। তিনি নিজেই মোটরসাইকেল চালিয়ে স্ত্রী সামিয়াকে পেছনে বসিয়ে রাজকীয়ভাবে নিজ বাড়িতে প্রবেশ করেন। এ সময় চারদিকে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে।

​পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই বাবা-মা চাইতেন ছেলে যেন ধুমধাম করে বউ নিয়ে আসে। আজ সেই ইচ্ছা পূরণ হওয়ায় পুরো পরিবারে খুশির জোয়ার বইছে।