মোহাম্মদ উল্যা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালুবাহী ও ওভারলোড ড্রামট্রাকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ জন চালককে দণ্ড দেওয়া হয়েছে।
এর মধ্যে ৫ জন চালককে অর্থদণ্ড এবং জরিমানা পরিশোধ না করায় বাকি ৪ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার পরিষদ এলাকা ও করালিয়া বাইপাসে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু পরিবহন, অতিরিক্ত ওজন বহন (ওভারলোড) এবং লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে 'সড়ক পরিবহন আইন, ২০১৮' এবং 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' অনুযায়ী অভিযান চালানো হয়।
অভিযানে চালক মহি উদ্দীন, নূর হোসেন, ইছমাইল হোসেন ও সাজুকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
ড্রাইভিং লাইসেন্স না থাকায় মাইন উদ্দীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ৫ জন চালক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
অন্যদিকে, বালু নিতে আসা এমদাদুল হক, দেলোয়ার হোসেন, রূপম ও সাকিবকে একই আইনে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। তবে তারা জরিমানা পরিশোধ করতে না পারায় আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় পৌরসভার বাসিন্দা আবদুল আজিজ ও আবুল হোসেন জানান, অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে সড়ক ও কালভার্ট দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বেপরোয়া গতির ড্রামট্রাকের ডালি (ঢাকনা) না থাকায় বাতাসে বালু ও মাটি উড়ে পরিবেশ দূষিত হচ্ছে। এতে সাধারণ মানুষের শ্বাসকষ্ট ও চোখের সমস্যার সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনার জন্য তারা প্রশাসনকে ধন্যবাদ জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, "সড়ক পরিবহন আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন প্রতিপালিত না হওয়া পর্যন্ত জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" তিনি আইন বাস্তবায়নে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

