নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে স্মার্টফোনে অনলাইন জুয়া খেলার অপরাধে মো. নজরুল ইসলাম (৩৩) নামের এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৬ মে) রাতে চৌমুহনী বাজারের হাজীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত নজরুল ইসলাম ওই এলাকার মমিন উল্যার ছেলে। আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাজীপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ও অনলাইন জুয়ার প্রকোপ বাড়ছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১১-এর সহযোগিতায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে স্মার্টফোনে জুয়া খেলা অবস্থায় নজরুলকে আটক করা হয়। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন জানান, অনলাইন জুয়া বর্তমান প্রজন্মের জন্য একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, "জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"
অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে সক্রিয় সহযোগিতা প্রদান করে।

