নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলাজুড়ে তেলের অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
শহরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে, সংকটের কারণে অধিকাংশ পাম্পেই তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।
জেলায় মোট ২৮টি পাম্পের মধ্যে বর্তমানে মাত্র ৮টি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না।
পাম্প মালিকরা জানান, আগে যেখানে প্রতিদিন দুই থেকে তিন গাড়ি তেল পাওয়া যেত, এখন ডিপো থেকে তার অর্ধেকেরও কম সরবরাহ করা হচ্ছে। তা-ও আবার একদিন পরপর রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে ডিপোগুলো। সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় তারা চাহিদা মেটাতে পারছেন না।
বর্তমানে শহরের মাইজদী এলাকার ‘আবদুল হক ফিলিং স্টেশন’ ও ‘পায়রা ফিলিং স্টেশন’ ছাড়া বাকি প্রায় সকল পাম্পে তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চালকরা চরম বিপাকে পড়েছেন।
এদিকে অভিযোগ উঠেছে, তেলের এই কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে কালোবাজারে (ব্ল্যাক মার্কেট) চড়া দামে তেল বিক্রি করা হচ্ছে। বিভিন্ন উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চললেও চোরাপথে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।
জ্বালানি তেলের এই তীব্র সংকটে জেলার কৃষি খাতেও বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। দ্রুত এই সংকটের সমাধান না হলে জনজীবন আরও স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

