নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীতে নিরাপদ খাদ্য উৎপাদনে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ব্র্যাকের উদ্যোগে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহার বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলার সুবর্ণচর উপজেলার সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে।
এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাক উদ্ভাবিত উন্নত জাতের ধান, সবজি, ভুট্টা ও আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. নুরুজ্জামান, ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার মো. মনিরুজ্জামান খান, টেরিটোরি সেলস অফিসার মো. জোবায়ের হোসেন, ব্র্যান্ড প্রমোটর মো. রিয়াজ উদ্দিন এবং সুবর্ণচর উপজেলার ডিলার মো. ফজলুল হক মোল্লা।
দিনব্যাপী এই কর্মশালায় সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৪৫ জন মডেল কৃষক ও রিটেইলার অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীগণ বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োগ পদ্ধতি এবং মাঠপর্যায়ে এর কার্যকারিতা সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব কৃষি চর্চায় আরও আগ্রহী হবেন এবং তৃণমূল পর্যায়ে কৃষকদের সচেতন করার মাধ্যমে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

