মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। এ উপলক্ষে ৫ দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপনের সূচনা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। জাতীয় সংগীত পরিবেশন এবং ঐতিহ্যবাহী ‘এসো হে বৈশাখ’ গানের সঙ্গে লোকজ নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ দিনব্যাপী লোকজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, "এ উৎসব বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চা ও সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার,
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
৫ দিনব্যাপী এই লোকজ মেলায় স্থান পেয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী পণ্য ও হস্তশিল্প, দেশীয় খাবারের স্টল, শিশুদের জন্য বিনোদনমূলক নানা আয়োজন।

