নিজস্ব প্রতিনিধি:
‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নোয়াখালীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারীর প্রতি কোনো অবিচার হলে তা প্রতিরোধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসন দ্বিধা করবে না।
তিনি বলেন, নারী-পুরুষ নির্বিশেষে একটি সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। নারীরা আজ শিক্ষা, চাকরি ও প্রশাসনে সফলতার স্বাক্ষর রাখলেও নিপীড়ন ও বৈষম্যের ঘটনা থেমে নেই। এটি কেবল প্রশাসনের একার পক্ষে প্রতিরোধ সম্ভব নয়।
জেলা প্রশাসক আরও বলেন, আইনের চেয়েও বড় দরকার মানসিকতার পরিবর্তন। নারীর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাসায়, কর্মক্ষেত্রে ও রাস্তায়—সব জায়গায় নারীর মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি নোয়াখালীর সব নাগরিকের কাছে নারী ও কন্যার অধিকার সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শান্তনু কুমার দাশ, নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মনীষ দাস, সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. পপি কুন্ড, সদর উপজেলা নির্বাহী অফিসার হোমায়রা ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর হোসেন জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) জেলা প্রতিনিধি ডা. সাদিয়া শামরিন হৃদি।
এছাড়া বিভিন্ন এনজিও ও নারী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

